পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোন্টি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল?
আমার মতে, পলাশির যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারের পক্ষে সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল।
পলাশির যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি শুধুমাত্র বাংলায় অবাধ লুণ্ঠনের সুযোগ লাভ করে। কিন্তু বক্সারের যুদ্ধের পর সমগ্র উত্তর ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃত হয়ে পড়ে। পলাশির যুদ্ধে জয়লাভ করে ইংরেজদের মনোনীত নতুন নবাব মীরজাফর ব্রিটিশ কোম্পানিকে বাংলায় অবাধ বাণিজ্যের সুযোগ করে দেন। ২৪ পরগনা জেলার জমিদারি ও সেখানকার রাজস্ব আদায়ের সুযোগ করে দেন। এ ছাড়া সিরাজের কলকাতা আক্রমণের খরচ বাবদ কোম্পানি ১ কোটি ৭৭ লক্ষ টাকা আদায় করে। লর্ড ক্লাইভ ও অন্যান্য পদস্থরা যথেচ্ছ পারিতোষিক লাভ করেন। সব মিলিয়ে প্রায় ৩ কোটি টাকার সম্পদ মীর জাফরের কাছ থেকে ব্রিটিশ কোম্পানি আদায় করে। কিন্তু বক্সারের যুদ্ধে মীর কাশিম হেরে গিয়ে অযোধ্যার শাসক সুজা উদ-দৌলা ও মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমকে নিয়ে আবার ব্রিটিশ-বিরোধী আক্রমণ হানলে ১৭৬৪ খ্রিস্টাব্দে ওই যৌথ বাহিনী ব্রিটিশ কোম্পানির হাতে বিধ্বস্ত হয়ে যায়। মীর কাশিম ও অযোধ্যার শাসক সুজা উদ-দৌলা পালিয়ে গেলে অযোধ্যা অধিকার করে কোম্পানি সমগ্র উত্তর ভারতে ক্ষমতা কায়েম করে। বাধ্য হয়ে মুঘল শাসক দ্বিতীয় শাহ আলম বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার কোম্পানির হাতে ছেড়ে দেন।
